বড়লেখায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
সারা দেশের মতো মৌলভীবাজারের বড়লেখা উপজেলাতেও শুরু হয়েছে হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) থেকে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত।
এর আগে ১৯ এপ্রিল বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এমআর টিকাদান কর্মসূচি উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সহায়তা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফ।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় ধাপে ধাপে কার্যক্রম চালুর পর তা সারাদেশে সম্প্রসারণ করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হচ্ছে। পূর্বে টিকা গ্রহণ করা থাকলেও নির্ধারিত বয়সসীমার প্রতিটি শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে সকাল থেকেই শিশুদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্বাস্থ্যকর্মীরা জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় সময়মতো টিকা প্রদান অত্যন্ত জরুরি।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলায় মোট ২৪ হাজার ৫৯৬ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৩০৫টি টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৪৪টি কমিউনিটি কেন্দ্র, ৪০টি শিল্পপ্রতিষ্ঠান কেন্দ্র এবং ১টি স্থায়ী ইপিআই কেন্দ্র।
কমিউনিটি পর্যায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ৫৭৩ জন এবং শিল্পপ্রতিষ্ঠানে ১ হাজার ২৩ জন শিশু। উপজেলার ১০টি ইউনিয়নের ৩০টি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্গম (হার্ড টু রিচ) মোবারখল এলাকায় ৪টি বিশেষ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
পুরো কার্যক্রমে ৩৯ জন টিকাদানকারী, ৬০ জন স্বেচ্ছাসেবক এবং ৩০ জন সুপারভাইজার দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে বড়লেখা পৌরসভা এলাকায় মোট ২ হাজার ১৫১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ১ হাজার ৭৬৮ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ৩৮৩ জন। পৌরসভায় মোট ২২টি টিকাদান কেন্দ্র চালু রয়েছে।
স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।















