বিশ্বনাথে কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন
- আপডেট সময় : ১৪৪ বার পড়া হয়েছে
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সিলেটের বিশ্বনাথে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ষবরণ করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু সাইদ, সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার খানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে অতিথিরা লোকজ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাংস্কৃতিক আয়োজনে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা দিক তুলে ধরেন।
দিনব্যাপী এ আয়োজন বিশ্বনাথবাসীর মাঝে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেয় এবং বাঙালির চিরায়ত সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে।



















