বিশ্বনাথে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, আদর্শ একাদশ জয়ী
- আপডেট সময় : ৬২ বার পড়া হয়েছে
সিলেটের বিশ্বনাথে দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট।
গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত এ খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলা শুরুর আগে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে ধারাভাষ্যকার লিটনের সঞ্চালনায় এবং ক্রীড়ানুরাগী রেজাউল করিম রাজুর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান যুক্তরাজ্য প্রবাসী।
বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ধারায় রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক।
উদ্বোধনী বক্তব্য দেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শফিক আহমদ পিয়ার,দৌলতপুর ইউপি সদস্য আজাদ মিয়া এবং ভাই ব্রাদার্সের অধিনায়ক মহির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দুর রহমান ফরহাদ, রুহেল আহমদ সাদ্দাম, আমিনুর রহমান, সাইদুর রহমান পলাশ (যুক্তরাজ্য প্রবাসী), জুবেল মিয়া, দিলু মিয়া, রিপন মিয়া, আনহার মিয়া, কামরুজ্জামান, হেলাল, রেজাউল করিম, রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আদর্শ ফুটবল একাদশের মুখোমুখি হয় ভাই ব্রাদার্স জুগন নগর। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে একমাত্র গোলটি করেন আদর্শ দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় সাদেক মোল্লা। তার এই গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আদর্শ ফুটবল একাদশ।
অন্যদিকে পরাজিত দল থেকেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভাই ব্রাদার্সের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় আসাদ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
খেলা পরিচালনা করেন সিলেট রেফারি সমিতির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন। তাকে সহযোগিতা করেন সহকারী রেফারি নাজিম উদ্দিন ও জাকির ডন।
সার্বিকভাবে এই আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



















