মাগুরা-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
- আপডেট সময় : ৫৮ বার পড়া হয়েছে
নীরব ভোটের পাল্লায় জামায়াত প্রার্থী এম বি বাকের এগিয়ে-সাধারণ ভোটারদের গুঞ্জন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,১৬,৬৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,১১,৫৪৬ জন, নারী ভোটার ২,০৫,০৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
মাগুরা-২ আসনে এবার মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক এম বি বাকের,
জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী মশিউর রহমান, এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন হাত পাখা প্রতীকের মনোনীত প্রার্থী মুফতি মোস্তফা কামাল।
স্থানীয় ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ আসনে মূলত হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে। ধানের শীষ প্রতীকের অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী দীর্ঘদিনের পরিচিত মুখ হওয়ায় একটি শক্ত ভোটব্যাংক ধরে রেখেছেন। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক এম বি বাকের সুশৃঙ্খল প্রচার, নীরব গণসংযোগ এবং কর্মীসমর্থকদের সক্রিয় উপস্থিতির কারণে দিন দিন শক্ত অবস্থান তৈরি করছেন।
সাধারণ ভোটারদের মধ্যে গুঞ্জন রয়েছে- প্রকাশ্য আলোচনায় বিএনপি প্রার্থী এগিয়ে থাকলেও নীরব ভোটের সমীকরণে জামায়াত প্রার্থী এম বি বাকের এগিয়ে আছেন। বিশেষ করে তরুণ ভোটার ও নিরপেক্ষ ভোটারদের একটি বড় অংশ পরিবর্তনের প্রত্যাশায় দাঁড়িপাল্লা প্রতীকের দিকে ঝুঁকছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যদিও তাদের প্রভাব তুলনামূলকভাবে সীমিত বলে ধারণা করছেন ভোটাররা, তবে চূড়ান্ত ফলাফলে তারা কিছু ভোট কাটতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
সব মিলিয়ে মাগুরা–২ আসনে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বিরাজ করবে বলেই ধারণা করা হচ্ছে। ভোটের মাঠে শেষ পর্যন্ত কার হাসি ফোটে, সেটিই এখন দেখার বিষয়।

















