মাদারীপুর ডাসারে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- আপডেট সময় : ১৩৭ বার পড়া হয়েছে
মাদারীপুরের ডাসারে পুকুরের পানিতে ডুবে হাফিজুল মোল্লা (৯) ও হামজা মোল্লা (৭) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর ) সন্ধ্যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড আটিপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত দুই ভাই আটিপাড়া এলাকার দিনমজুর নাঈম মোল্লার দুই ছেলে।
স্বজন ও স্থানীযরা জানান, বুধবার বিকেলে বাড়ির পিছনে রাস্তার পাশে পুকুর পাড়ে দুই ভাই খেলছিল। এ সময় শিশু হামজা পুকুরের পানিতে হাত–পা ধোয়ার সময় পানিতে পড়ে তলিয়ে যায়। ছোট ভাই হামজা পানিতে তলিয়ে গেলে ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই হাফিজুল মোল্লা পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং সেও পানিতে তলিয়ে যায়।
পরে তাদের বাবা মা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শিশুদের জুতা ভাসতে দেখে পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই দুই ভাইকে পাওয়া যায়।পরে স্থানীরা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের বাবা নাঈম মোল্লা পেশায় একজন দিন মজুর। ঘটনার পর থেকে শিশু দুটির মা-বাবা ও আত্মীয় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা।
ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক।



















