মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন বিএনপির প্রার্থী মিন্টু
- আপডেট সময় : ১০৩ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়েছেন ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। গত বছরের ৯ ডিসেম্বর মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন বলে হলফনামায় তিনি উল্লেখ করেছেন।
এর আগে গত ৪ জানুয়ারি বিকেলে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও ফেনী জেলা প্রশাসক মনিরা হক।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা নিশ্চিত হওয়া নির্বাচনী লড়াইয়ে তাদের অবস্থানকে আরো শক্তিশালী করবে।
মনোনয়নপত্র বৈধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ফেনী-৩ আসনে উন্নয়নে মিন্টুর বিকল্প কেউ নেই বলে সাধারণ মানুষ মনে করে।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বৈধ ঘোষণা করেছেন। এখন আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতীক্ষায় আছি।
আশা করছি, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটে মানুষ উন্নয়নের পক্ষে ধানের শীষকে ভোট দেবে।’
জেলা রিটার্নিং অফিসার মনিরা হক বলেন, ‘আবদুল আউয়াল মিন্টু মার্কিন দূতাবাসে তার নাগরিকত্ব পরিত্যাগের জন্য দাখিল করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। তিনি পূর্বে দ্বৈত নাগরিকত্ব ছিলেন এবং তা পরিত্যাগ করেছেন। তার নাগরিকত্ব ত্যাগের তারিখ হচ্ছে গত বছরের ৯ ডিসেম্বর।
প্রসঙ্গত, ফেনী-৩ আসনটি বরাবরই দেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এখানে হেভিওয়েট প্রার্থী হিসেবে আবদুল আউয়াল মিন্টুর উপস্থিতি নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলবে। এখানে আবদুল আউয়াল মিন্টুর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।














