রাজাপুর বাজার সংলগ্ন ব্রিজের বেহাল অবস্থা, সংস্কারের দাবি
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন ও দাদপুর ইউনিয়নের সীমানায় রাজাপুর বাজার সংলগ্ন কুমার নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ সেতুটির উত্তর পাশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে এলাকাবাসী ও যানবাহন চালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পথচারী ও এলাকাবাসী জানান, সেতুটি এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন প্রায় ২০টি গ্রামের মানুষ এই সড়ক ও সেতু ব্যবহার করে যাতায়াত করেন। এছাড়া হাজার হাজার যানবাহন চলাচল করে এই পথে। রাজাপুর বাজার হয়ে কয়েকটি উপজেলার সড়কের সঙ্গে এ রাস্তাটির সংযোগ রয়েছে। বোয়ালমারী থেকে ফরিদপুরে যাতায়াতের জন্য এটি একটি স্বল্প দূরত্বের গুরুত্বপূর্ণ সড়ক হিসেবেও পরিচিত।
স্থানীয় ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত সংস্কার করা না হলে ঐতিহ্যবাহী রাজাপুর বাজারের ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
এলাকাবাসীর পক্ষে মো. সেলিম কাজী অভিযোগ করে বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে সড়কটির ক্ষতি হয়েছে। তিনি জানান, সেতুর সংলগ্ন সড়কের নিচে বালু ভরাট করে তার ওপর পিচ ঢালাই দেওয়া হয়েছিল। ফলে বৃষ্টির পানির চাপে ধীরে ধীরে ভাঙন শুরু হয়। এছাড়া বালু সরে যাওয়া রোধে কোনো ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।
স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কারকাজ শুরু না হলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে এবং সেতুটিও হুমকির মুখে পড়তে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।



















