ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে সাবেক যুবদল নেতা মিন্টু হত্যা মামলার প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের আমুয়াবাইদ মাস্টার মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, গত ৩১ মে রাতে মিন্টু নিখোঁজ হন। নিখোঁজের চার দিন পর সংগ্রামপুর ইউনিয়নের মাছুয়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
তারা জানান, মামলায় এ পর্যন্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি এখনো গ্রেপ্তার হয়নি। দ্রুত তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।
মানববন্ধনে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন।














