সিরাজদিখানে ইউএনও’র অভিযানে অবৈধ বালু ভরাট সরঞ্জাম বিনষ্ট
- আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
সিরাজদিখান উপজেলায় দুই ফসলি আবাদযোগ্য জমি রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও এবং মালখানগর ইউনিয়নের ফেগুনাসার এলাকায় দুই ফসলি আবাদযোগ্য জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বালু ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাস্থলে অভিযুক্তদের কাউকে পাওয়া না গেলেও, অবৈধ কাজে ব্যবহৃত মাটি উত্তোলন ও বালু ভরাটের মেশিন, পাইপসহ বিভিন্ন সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অবৈধভাবে দুই ও তিন ফসলি আবাদযোগ্য জমি থেকে মাটি উত্তোলন কিংবা ফসলি জমিতে বালু ভরাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান পরিচালনায় উপজেলা প্রশাসনকে সিরাজদিখান থানার এসআই মুকুলের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বার্থে অবৈধ মাটি উত্তোলন ও ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















