গভীর রাতে শীতার্ত মানুষের পাশে ইউএনও পপি খাতুন
- আপডেট সময় : ১৬৭ বার পড়া হয়েছে
তীব্র শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে গভীর রাতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ পপি খাতুন। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি নিজ হাতে পৌরসভার বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
রাতের প্রচণ্ড ঠান্ডার মধ্যেও ইউএনও পপি খাতুন পীরগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে রাস্তায় অবস্থানরত শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন। তার এই মানবিক উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা যায়।
এসময় ইউএনও মোছাঃ পপি খাতুন বলেন,“শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে থাকেন ছিন্নমূল ও অসহায় মানুষ। প্রশাসনের দায়িত্ব শুধু দাপ্তরিক কাজেই সীমাবদ্ধ নয়; মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। সরকারের পক্ষ থেকে প্রাপ্ত শীতবস্ত্র যেন প্রকৃত অসহায় মানুষের হাতে পৌঁছে—সেই লক্ষ্যেই আমরা মাঠে কাজ করছি। শীত যতদিন থাকবে, ততদিন এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কম্বলগুলো অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হয়। শীতের এই দুর্ভোগময় সময়ে উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়রা জানান, একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ইউএনও পপি খাতুন শুধু দাপ্তরিক দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ নন; বরং সরাসরি মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শীতের প্রকোপ অব্যাহত থাকলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আরও জোরদার করা হবে।














