জয়পুরহাটের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ফের উত্তেজনা
- আপডেট সময় : ১৬৫ বার পড়া হয়েছে
জয়পুরহাটের উচনা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারও উত্তেজনা। জেলার পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
বিজিবির বাঁধার মুখে কাজ বন্ধ রাখার পরে রোববার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সদস্যরা টহল জোরদার করে পজিশন নিয়েছে। এর আগেও পর পর দুই বার সীমান্তের ওই জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা।
এর আগে শনিবার (২৭ ডিসেম্বর-২০২৫) ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির (বর্ডার অবজার্ভেশন পোষ্ট) আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এই বেড়া দেওয়ার চেষ্টা চলছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের জানালে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে বাধা দিলে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যান। পরে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। রোববার সকাল থেকে আবারও বিএসএফ এর উস্কানিতে সেখানে উত্তেজনা বিরাজ করছে। তবে বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় সীমান্তের গ্রামবাসীর মধ্যে রয়েছে আতঙ্ক। আর বর্তমানে ওই এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা ।














