নওগাঁর পত্নীতলা ইটভাটা বন্ধের বিরুদ্ধে মানববন্ধন
- আপডেট সময় : ৮২ বার পড়া হয়েছে
চলতি মৌসুমে অবৈধ ইটভাটা বন্ধের সরকারি নির্দেশনার পর, কাজ হারানোর আশঙ্কায় নওগাঁর পত্নীতলা উপজেলায় নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ইটভাটার কর্মরত শ্রমিক ও মালিক সমিতি। কোটি কোটি টাকার বিনিয়োগ ও হাজারো শ্রমিকের জীবন-জীবিকা রক্ষায় ইটভাটা বন্ধ না করার জন্য বাংলাদেশ ইটভাটা প্রস্তুতকারক মালিক সমিতি, পত্নীতলা উপজেলা শাখা এর উদ্যোগে গতকাল বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে ও নজিপুর -ধামুরহাট মূল সড়কের পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
ইটভাটা মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইটভাটায় কর্মরত বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন। মানববন্ধনে শ্রমিকরা ইটভাটা বন্ধ না করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং তাদের পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার কথা তুলে ধরেন।
তারা চলতি মৌসুমের ইটভাটা পরিচালনার জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৬০ লক্ষ থেকে ৭০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করেছে। এই অর্থ ইট প্রস্তুতের কাঁচামাল, শ্রমিকদের পারিশ্রমিক ও জমি ভাড়াসহ প্রাথমিক প্রস্তুতিতে ব্যয় করা হয়েছে। তারা জানান, ইতিমধ্যে প্রশাসনের নির্দেশে তাদের ইটভাটার কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে।
যদি এই মুহূর্তে ইটভাটা বন্ধ করে দেওয়া হয়, তবে ব্যাংক ঋণ পরিশোধ করা অসম্ভব হবে এবং লক্ষ লক্ষ টাকার কাঁচামাল নষ্ট হবে। ইটভাটা বন্ধ হলে গ্রামের বিশাল সংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়বে এবং তাদের পরিবার-পরিজনদের জীবন-জীবিকা চরম সংকটে পড়বে। বহু বছর ধরে দেশের অর্থনীতিতে অবদান রাখা এই শিল্প বন্ধ হলে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। এছাড়াও সমিতির পক্ষ থেকে মানবিক দিক বিবেচনা করে চলতি মৌসুমে ইটভাটা পরিচালনার অনুমতি প্রদানের জন্য জোর আবেদন জানানো হয়েছে।
ইটভাটা মালিক সমিতির নেতা হারুন শাহ বলেন, এই রকম সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মতো সাধারণ মালিক এবং শ্রমিকদের কথা ভাবা উচিত। আমরা চাই সরকার মানবিক দিক বিবেচনা করে চলতি মৌসুমের জন্য ভাটা পরিচালনার অনুমতি দিক, যাতে আমরা আমাদের ঋণের বোঝা মেটাতে পারি এবং শ্রমিকরা কাজ না হারায়।




















