হাতিয়ায় চর দখল সংঘর্ষ
নিখোঁজ শামছু প্রধানের মরদেহ উদ্ধার, নিহত ৬
- আপডেট সময় : ১০৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে জেগে ওঠা জাগলার চর দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিখোঁজ শামছু প্রধানের (৫৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্য দিয়ে গত মঙ্গলবারের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিয়া থানা পুলিশ জাগলার চরের বনাঞ্চলের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত শামসুদ্দিন ওরফে শামছু হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে চরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শামছু বাহিনী ও সুখচরের আলাউদ্দিন বাহিনীর মধ্যে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলি হয়। ওই ঘটনায় ঘটনাস্থলেই আলাউদ্দিনসহ ৫ জন নিহত হন। সংঘর্ষের পর থেকেই শামছু প্রধান নিখোঁজ ছিলেন।
এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নিহত শামছুর ভাই আবুল বাশার বাদী হয়ে হাতিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের দিকে জেগে ওঠা প্রায় ৬ হাজার একর আয়তনের জাগলার চরে ২০১৭ সালে বন অধিদপ্তর বনায়ন কার্যক্রম শুরু করে। তবে এই জমি সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। ৫ আগস্টের পর থেকে চরের দখল ও বিক্রিকে কেন্দ্র করে স্থানীয় ভ‚মিদস্যু চক্র সক্রিয় হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একটি চক্র বিঘাপ্রতি ২০ থেকে ২৫ হাজার টাকায় জমি বিক্রি করছিল।
জানা যায়, জমি বিক্রির অর্থের একটি অংশ নির্দিষ্ট মহলে নিয়মিত পাঠানো হতো। স¤প্রতি সেই অর্থ দেওয়া বন্ধ হলে এবং চরের নিয়ন্ত্রণ নিয়ে জাহাজমারার শামছু বাহিনী ও সুখচরের আলাউদ্দিন বাহিনীর মধ্যে বিরোধ চরমে ওঠে। দীর্ঘদিনের সেই উত্তেজনারই বহিঃপ্রকাশ ঘটে মঙ্গলবারের রক্তক্ষয়ী সংঘর্ষে।
নিহতদের মধ্যে রয়েছেন—শামছু প্রধান (৫৮), আলাউদ্দিন (৪০), হক সাব (৫৫), মোবারক হোসেন শিহাব (২২), কামাল উদ্দিন (৪০) ও আবুল কালাম (৬২)। এ ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।














