ফুলবাড়ীয়ায় কবরস্থান দখলের চেষ্টা, বৃদ্ধাকে কুপিয়ে জখম
- আপডেট সময় : ১১০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় একটি পুরনো কবরস্থানের গাছ কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত নৃশংস সন্ত্রাসী হামলায় ৮০ ঊর্ধ্ব এক বৃদ্ধা নারী মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত ওই নারী মরহুম আলতাফ চেয়ারম্যানের সহধর্মিণী কমলা খাতুন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের হাটকালীর বাজার সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছরের পুরনো একটি কবরস্থানের জমি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মাদক ও চাঁদাবাজ চক্র দখলের চেষ্টা করে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে তারা কবরস্থানের মূল্যবান গাছ কাটতে গেলে কমলা খাতুন বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সন্ত্রাসীরা।
একপর্যায়ে মাদক সম্রাট ও চাঁদাবাজ হিসেবে পরিচিত মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে কমলা খাতুনসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলার সময় সন্ত্রাসীরা কমলা খাতুনের ডান হাতের কব্জি কেটে ফেলতে চেষ্টা করে। তার ডাকচিৎকারে তারা কব্জি সম্পূর্ণ কাটতে না পারলেও কব্জিতে গুরুতর জখম হয় এবং একাধিক সেলাই দিতে হয়।
এ ঘটনায় কমলা খাতুন ছাড়াও তার ছেলে রাশেদসহ পরিবারের আরও কয়েকজন গুরুতরভাবে আহত হন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, একজন ৮০ বছরের বৃদ্ধা নারী কেবল কবরস্থানের গাছ রক্ষা করতে গিয়েই এমন বর্বর হামলার শিকার হয়েছেন। এটি মানবতাবিরোধী অপরাধ।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত চক্রটি দীর্ঘদিন ধরে হাটকালীর বাজার এলাকায় সিএনজি, অটোরিকশা ও ভ্যানগাড়ি থেকে নিয়মিত চাঁদা আদায়, মাদক ব্যবসা, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। সরকার পরিবর্তন হলেও তারা এখনো প্রভাবশালী অবস্থানে থেকে এলাকায় ত্রাস সৃষ্টি করে চলেছে।
এলাকার একাধিক শিক্ষক ও সচেতন নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, কবরস্থানের মতো পবিত্র স্থানে হামলা এবং একজন বৃদ্ধা নারীকে কুপিয়ে আহত করার পরও যদি অপরাধীরা গ্রেপ্তার না হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
স্থানীয় সমাজসেবক আঃ ছামাদ বলেন, এটি শুধু একটি পরিবারের ওপর হামলা নয়, এটি পুরো সমাজের ওপর আঘাত। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী দ্রুত সন্ত্রাসী ও মাদক চক্রের সদস্যদের গ্রেপ্তার, কবরস্থান দখলের চেষ্টা বন্ধ, আহত বৃদ্ধার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতকরণ এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন।













