ময়মনসিংহ-৩ আসনে সেলিম বালার মনোনয়নপত্র সংগ্রহ
- আপডেট সময় : ১৬৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিম বালা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গতকাল মঙ্গলবার বিকালে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কবি সেলিম বালার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় নাগরিক পার্টি গৌরীপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আফিয়া আমিন পাপ্পা মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।
এনসিপি প্রার্থী কবি সেলিম বালা বলেন, ‘আমি শুধু এনসিপির শাপলা কলি প্রতীকের মনোনয়ন নিয়ে নির্বাচনী এলাকায় আসিনি। আমি এসেছি এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের নতুন রঙ্গিন স্বপ্ন নিয়ে। ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নির্বাচনী এলাকার যেখানেই যাচ্ছি সেখানেই শাপলা কলি প্রতীকের পক্ষে মানুষজনের ব্যাপক সাড়া পাচ্ছি। শাপলা কলি জিতলে গৌরীপুরের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত আধুনিক ও সমৃদ্ধশালী গৌরীপুর গড়ে তুলবো ইনশাল্লাহ,।
কবি সেলিম বালার মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি গৌরীপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আশিক পাঠান, সদস্য তাজুল ইসলাম শুভ।
প্রসঙ্গত, ১০ টি ইউনিয়ন , একটি পৌরসভা ও একটি উপজেলা পরিষদ নিয়ে গঠিত ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসন। আসনের মোট ভোটার ২ লাখ ৯৮ হাজার ২৬৮। পুরুষ ভোটার ১ লক্ষ ৫০ হাজার ৭৭৯ জন। নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৪৮৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। মোট ভোটকেন্দ্র ৯২ টি।














