রায়পুরে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ৭৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌরসভার আওতাধীন বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলা প্রশাসন, রায়পুরের উদ্যোগে সরকারি সহায়তা হিসেবে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, “শীত মৌসুমে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীরা যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হচ্ছে। মানবিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও স্বস্তি লক্ষ্য করা যায়। সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শীতকালজুড়ে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। শীতার্ত শিশুদের পাশে দাঁড়ানোর এ মানবিক উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।















