শাহপরীরদ্বীপে ১০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিল বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
টানা অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ এলাকার ১০০টি দুঃস্থ ও পানিবন্দি পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে শাহপরীরদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
২ বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত গরিব, দুঃস্থ ও পানিবন্দি পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোও বিজিবির দায়িত্ব। এ লক্ষ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালকের ঘোষিত ভিশন— “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক”— বাস্তবায়নে বাহিনী সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমও ভবিষ্যতে অব্যাহত রাখবে।


















