সুবর্ণচরে ব্যানার–ফেস্টুন অপসারণে প্রশাসনের অভিযান
- আপডেট সময় : ১৭১ বার পড়া হয়েছে
নির্বাচনী আচরণবিধি কার্যকর করতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ড অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রাজনৈতিক প্রচারসামগ্রী অপসারণ না করায় প্রশাসন সরাসরি মাঠে নামে।
উল্লেখ্য, তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের রাজনৈতিক ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড সরানোর নির্দেশ থাকলেও অনেক দল ও প্রার্থীর পক্ষ থেকে তা মানা হয়নি। এ অবস্থায় শনিবার রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে প্রচারসামগ্রী অপসারণের জন্য সতর্ক করা হয়। তবে নির্দেশনা উপেক্ষিত হওয়ায় রোববার দুপুরে প্রশাসন নিজ উদ্যোগে এসব সরিয়ে নেয়।
অভিযানে সহায়তা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন এবং চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানসহ পুলিশ সদস্যরা। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরাও অভিযানে অংশ নেন।
এ বিষয়ে ইউএনও আকিব ওসমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে উপজেলায় অবৈধ সব রাজনৈতিক প্রচারসামগ্রী পর্যায়ক্রমে অপসারণ করা হচ্ছে। তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হয়—সে লক্ষ্যে উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপরতা নিয়ে কাজ করছে।














