নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে গরু ও মালামাল জব্দ
- আপডেট সময় : ১৩৩ বার পড়া হয়েছে
কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে বার্মিজ গরুসহ বিভিন্ন প্রকার বাংলাদেশী মালামাল জব্দ করেছে। আজ সোমবার ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের লেম্বুছড়ি বিওপি, ভালুখাইয়া বিওপি এবং ব্যাটালিয়ন সদরের টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বার্মিজ গরু ও মালামাল ফেলে পালিয়ে যায়।
অভিযান চলাকালে ৪টি বার্মিজ গরু এবং বাংলাদেশী টেষ্টিং সল্ট, চিপস, মশার কয়েল, স্প্রে মেশিনের যন্ত্রাংশ ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রীসহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়। এসবের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১২ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে ব্যাটালিয়ন পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















