হাদির ওপর হামলার প্রতিবাদে সুবর্ণচরে বিক্ষোভ
- আপডেট সময় : ১৭৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সুবর্ণচর উপজেলার খাসেরহাট রাস্তার মাথায় জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণদের পৃষ্ঠপোষকতায় ‘জাগ্রত সুবর্ণচর’ প্ল্যাটফর্মের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রনেতা ফয়সাল ইসলাম জিসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুবর্ণচরের সমন্বয়ক আতিকুল ইসলাম, সুশীল সমাজের প্রতিনিধি তালহা মুহাম্মদ সিফাত উল্লাহ, ছাত্রনেতা শফিকুল ইসলাম পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আনোয়ার হোসেন, প্রভাষক কামাল উদ্দিন, সাংবাদিক খন্দকার দিদারুল আলম, মাদ্রাসা শিক্ষক মাহমুদুল ইসলাম, ইসলামী বক্তা ক্বারী আব্দুল মান্নান, ছাত্রনেতা কামরুল ইসলাম ও ব্যবসায়ী ফারুক গাজী প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে জুলাই আন্দোলনের ধারক ও বাহকদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের উদাসীনতার তীব্র সমালোচনা করেন। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
সুশীল সমাজের প্রতিনিধি তালহা মুহাম্মদ সিফাত উল্লাহ তার বক্তব্যে বলেন, “কোনো ধরনের তালবাহানা না করে অবিলম্বে শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সারাদেশে ঘুরে বেড়ানো আওয়ামী সন্ত্রাসীদের প্রেতাত্মাদেরও চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী রক্তাক্ত না হন।” বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়।














