পাইকগাছায় দুর্বৃত্তের আগুনে পুড়লো চিংড়ি ঘেরের বাসা
- আপডেট সময় : ১১৬ বার পড়া হয়েছে
খুলনার পাইকগাছায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চিংড়ি ঘেরের বাসাসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার উপজেলার দেলুটি ইউনিয়নের জিবুনিয়া চান্দেরকোনা এলাকায় এ ঘটনা ঘটে। ঘের মালিকের দাবি, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করেছে।
ঘটনার বিবরণ ভুক্তভোগী ঘের মালিক আব্দুর রহিম জানান, জিবুনিয়া চান্দেরকোনা এলাকায় তার ১৪ বিঘার একটি চিংড়ি ঘের রয়েছে। রোববার রাতে প্রচণ্ড শীতের কারণে ঘেরের বাসায় কেউ ছিল না। এই সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা কাঁচা গোলপাতার ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘরের ভেতরে থাকা মাছ ধরার জাল, প্রয়োজনীয় খাতাপত্র ও সরঞ্জামাদিসহ প্রায় লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।
সন্দেহের কারণ ঘের মালিক আব্দুর রহিম জানান, গত ৪ দিন আগে হাঁস-মুরগি নিয়ে ঘের সংলগ্ন নূর ইসলাম গংদের সাথে তার কথা কাটাকাটি ও বিতর্ক হয়। তার ধারণা, ওই ঘটনার জের ধরেই প্রতিপক্ষরা প্রতিহিংসাবশত তার ঘেরে আগুন দিয়ে ক্ষতিসাধন করেছে।
আইনি পদক্ষেপ এ ঘটনায় সোমবার (২২ ডিসেম্বর) আব্দুর রহিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, “অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”














