পীরগঞ্জে তীব্র শীত, সহায়তার ডাক রাজনৈতিক সংগঠনের!
- আপডেট সময় : ১৩৮ বার পড়া হয়েছে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় উত্তরবঙ্গের সাথে তাল মিলিয়ে শীতের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, রিকশা ও ভ্যানচালকসহ খেটে খাওয়া সাধারণ জনগণ। শীতের তীব্রতায় অনেকেই ভোরে কাজে বের হতে পারছেন না, ফলে দৈনন্দিন আয় কমে গিয়ে পরিবার-পরিজন নিয়ে পড়ছেন দুশ্চিন্তায়।
আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানায়, রংপুর জেলায় ভোর ও সকালবেলা তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলছে। বিশেষ করে শিশু ও বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
উপজেলার চৈত্রকোল,কাবিলপুর,চতরা,বড় আলমপুর,পাঁচগাছি,মদনখালী,টুকুরিয়া সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেক পরিবার কষ্টে দিন কাটাচ্ছেন। অনেক নিম্ন আয়ের মানুষ ছেঁড়া কাপড় বা অপ্রতুল শীতবস্ত্র দিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এমন অবস্থায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক সংগঠন ও সচেতন নাগরিকরা।
স্থানীয় একতাবন্ধন যুব ফোরামের সভাপতি মেহেদী হাসান বলেন,“পীরগঞ্জে শীতের প্রকোপ দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, রিকশা ও ভ্যানচালকদের অবস্থা সবচেয়ে করুণ। এই সংকটময় সময়ে সকল রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের বিত্তবান মানুষের প্রতি আমাদের বিনীত অনুরোধ। সম্মিলিত উদ্যোগই পারে এই দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতে।”
এক রাজনৈতিক সংগঠনের নেতারা বলেন, “শীত প্রতিবছরই আসে, কিন্তু দরিদ্র মানুষের কষ্ট থেকে যায়। তাই মানবিক দায়িত্ববোধ থেকে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসা। এতে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।”
সচেতন নাগরিকরাও দ্রুত সরকারি ও বেসরকারি উদ্যোগে সমন্বিতভাবে শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে শীত আরও বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগ বহুগুণে বৃদ্ধি পাবে।
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতার্ত মানুষের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং পর্যায়ক্রমে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম জোরদার করা হবে।














