উপকৃত দেড় শতাধিক শিশু
পদ্মকুঁড়ির উদ্যোগে ফ্রি সুন্নাতে খাতনার ৭ম বছর
- আপডেট সময় : ১২৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন উত্তর সানারপাড়ে অবস্থিত পদ্মকুঁড়ি প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি সুন্নাতে খাতনার সপ্তম বার্ষিক আয়োজন। গত শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক শিশুর নিরাপদ ও ঝুঁকিমুক্ত উপায়ে সুন্নাতে খাতনা সম্পন্ন করা হয়।
স্থানীয় এলাকা ছাড়াও আশপাশের বিভিন্ন অঞ্চল এবং দূর-দূরান্ত থেকে আগত অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এ মানবিক আয়োজনে অংশগ্রহণ করেন। আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শিশুদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও ছিল স্বস্তি ও আনন্দের আবহ।
কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ায় এ কার্যক্রমে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি ও চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করা হয়। ফলে প্রতি বছরই অভিভাবকরা অধীর আগ্রহে এই বিশেষ দিনের জন্য অপেক্ষা করেন। সুন্নাতে খাতনার পাশাপাশি প্রতিটি শিশুকে প্রয়োজনীয় ওষুধ, একটি করে লুঙ্গি ও গামছা উপহার দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে।
এলাকার বিশিষ্টজন ও দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় নিয়মিতভাবে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে পদ্মকুঁড়ি স্কুল কর্তৃপক্ষ। স্থানীয়দের মতে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে পদ্মকুঁড়ি প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইউসুফ হোসেন-এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সদস্য হাজী মনির হোসেন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব কামাল উদ্দিন, মানবতাবাদী মোস্তাক আহমেদ ভুইয়া, বিএনপি নেতা কুদ্দুস আলী, সাংবাদিক রবিউল ইসলাম বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।













