পলাশবাড়ীতে সেনা সদস্যের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় অভিযুক্ত সেনা সদস্য আমিনুল ইসলাম বাবুর গ্রেফতারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার সকালে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়ক অবরোধ করে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ চলায় সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খানের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দ্রুত অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত ২১ মার্চ পারিবারিক বিরোধের জের ধরে সেনা সদস্য আমিনুল ইসলাম বাবুর ছুরিকাঘাতে ছাকিবুল হাসান সিজান নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হন। বর্তমানে তিনি রংপুর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আমিনুল ইসলাম বাবু পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের দীঘিনালা ইউনিটে স্কোর বেঙ্গল রেজিমেন্টে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।













