অপরাধমুক্ত ইসলামপুর গড়তে গণপ্রতিবাদ
- আপডেট সময় : ৪৬ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে মাদক, জুয়া ও গরু চুরির মতো অপরাধ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সাপধরী ইউনিয়নের মুক্তির বাজারে শান্তিপ্রিয় সচেতন জনতার উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, সাপধরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজ মন্ডল এবং ইউপি সদস্য মোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে মাদক, জুয়া এবং বিশেষ করে গরু চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে প্রান্তিক কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তারা আরও জানান, সম্প্রতি কাশারী ডোবা এলাকা থেকে চুরি হওয়া গরুসহ চিহ্নিত দুই চোর-সুরুজ সেক ও কোরবান আলী-পার্শ্ববর্তী সারিয়াকান্দি উপজেলার মানিকদার এলাকা থেকে আটক করা হয়। পরে স্থানীয় জনগণ গরুসহ তাদের সাপধরী ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কাছে হস্তান্তর করেন।
পরবর্তীতে শতাধিক মানুষের উপস্থিতিতে সামাজিকভাবে বিষয়টির নিষ্পত্তি করা হয় এবং গরুটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
বক্তারা অভিযোগ করেন, ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি মহল বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে, যা স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের সুনাম ক্ষুণ্ন করছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, চুরি, মাদক ও জুয়া প্রতিরোধে তারা ঐক্যবদ্ধ এবং এসব অপরাধ দমনে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

















