গোয়ালন্দে আগুনে ঘর পুড়ে লক্ষ টাকার ক্ষতি
- আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে শামসু মাস্টারের পাড়ায় পরিত্যক্ত একটি ঘরে মাদকসেবীদের ফেলে রাখা সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এতে ঘর ও আসবাবপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১১ এপ্রিল) ভোর রাতে এই ঘটনা ঘটে। এটি ঐ এলাকার মান্নান সরদারের ঘর বলে জানাযায়।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মান্নান সরদারের চারচালা ঘরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানে স্থানীয়রা রান্নার খড়ি ও কাঠ মজুত করে রাখতেন। ঘরটি তালাবদ্ধ থাকলেও মাদকসেবীরা মাঝেমধ্যেই তালা ভেঙে সেখানে মাদক সেবন করত। গত রাতে একদল মাদকসেবী সেখানে নেশা করতে ঢুকে সিগারেটের আগুন খড়ির ওপর ফেলে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে মাদকসেবীরা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পালিয়ে যায়।
আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন ছুটে এসে নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ঘরটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মান্নান সরদার জানান, আমার ঘরটি তালা দিয়ে আটকানো ছিল। মাদকসেবীরা তালা ভেঙে ভেতরে ঢুকে নেশা করে সিগারেটের আগুন ফেলায় আমার ঘরটি শেষ হয়ে গেছে। ঘরে কাঠ ও টিন মিলিয়ে আমার প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, গ্রামে মাদকের প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। মাদকসেবীদের বেপরোয়া চলাচলের কারণেই আজ এই দুর্ঘটনা ঘটেছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. ইয়াহিয়া জানান, ভোর ৪টার দিকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করা সম্ভব হয়। প্রাথমিক তদন্তে আগুনের সূত্রপাত সিগারেটের আগুন থেকে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১ লক্ষ টাকা হলেও তারা প্রায় ৪ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
















