শ্রীনগরে রান্নাঘরের চুলা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় রান্নাঘরের চুলা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পরিবারের রান্না ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার আনুমানিক ১০:৫৩ মিনিটের দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া গ্রামের ‘মঞ্জু দার বাড়ি’ এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব আটপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের রান্নাঘরের চুলা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। রান্নাঘরে বিপুল পরিমাণ শুকনো লাকড়ি মজুত থাকায় মুহূর্তেই আগুনের শিখা তীব্র আকার ধারণ করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের খোকন মাঝির রান্নাঘরেও। আগুনের উত্তাপে সংলগ্ন বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট সৃষ্টি হলে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে মো. খোকন মাঝি ও মো. আনোয়ার হোসেনের দুটি দোচালা টিনের ঘর এবং ঘরে থাকা আসবাবপত্র, ও প্রয়োজনীয় মূল্যবান মালামাল সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে দুটি রান্নাঘর এবং একটি পানির ট্যাংকসহ প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সময় দ্রুত ঘর থেকে বেরিয়ে আসায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
আগুন লাগার পরপরই স্থানীয় বাসিন্দারা বালতি ও পানি নিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীনগর ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় কঠোর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক তৎপরতায় পাসে থাকা অন্যান্য ঘরবাড়িগুলো এক বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে।
”আগুনের তীব্রতা দেখে আমরা খুব ভয়ে ছিলাম। আল্লাহ্র রহমতে ফায়ার সার্ভিস আর গ্রামের মানুষ দ্রুত এগিয়ে আসায় আমাদের বাকি ঘরগুলো বেঁচে গেছে, নয়তো পুরো পাড়া পুড়ে যেতো।
















