মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ
- আপডেট সময় : ১২১ বার পড়া হয়েছে
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। গতকাল রোববার জেলা শহরের ঐতিহাসিক নোমানী ময়দান থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নোমানী ময়দানে এসে সমাবেশে মিলিত হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এম বি বাকের। তিনি বলেন, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সৃষ্ট যেকোনো পরিস্থিতির দায়ভার সরকারকেই বহন করতে হবে।
তিনি আরও বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ ভোটারের মতামতকে সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত। তা না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমেই এ দাবি আদায় করা হবে।
বক্তারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণদাবি উপেক্ষা করলে আন্দোলন আরও জোরদার করা হবে।














