তারাকান্দায় ১৪৪ ধারা জারি উপজেলা প্রশাসনের
- আপডেট সময় : ৫৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ কার্যকর হয়।
জানা গেছে, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী একই সময় ও স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুই গ্রুপ পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি ঘোষণা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ১৪৪ ধারা জারি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক একটি ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে “ঘোড়া” প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করা কামরুজ্জামান সরকার রিয়াদ পরবর্তীতে ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে অবস্থান নেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী তাকে মারধর করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদেই আজকের বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়, পাশাপাশি তারাকান্দা উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠন একই স্থানে দলীয় কর্মসূচির আয়োজন করে।
প্রশাসনের জারি করা ১৪৪ ধারার আওতায় তারাকান্দা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মাইক ব্যবহার এবং দেশীয় অস্ত্র যেমন দা, হাসুয়া, লাঠিসোটা বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই স্থানে পাঁচ বা ততোধিক ব্যক্তির অবস্থান বা চলাফেরাও নিষিদ্ধ করা হয়েছে।
আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।



















