নগরকান্দায় জমি নিয়ে বিরোধ, আদালতের আদেশ ঘিরে ভিন্নমত
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াকুলী গ্রামে এ ঘটনা ঘটেছে।
অভিযোগ রয়েছে, পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক পক্ষ আদালতের নির্দেশনার পরও জমিতে নির্মাণকাজ অব্যাহত রাখছে। তবে অপর পক্ষ বলছে, তারা আদালতের কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার নোটিশ পাননি।
ভুক্তভোগী দাবি করেন, জমির মালিকানা রক্ষায় তিনি গত ১ এপ্রিল ২০২৬ তারিখে ভাঙ্গা দেওয়ানী আদালতে একটি ইনজাংশন নেন, যেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। তার অভিযোগ, ওই নির্দেশনা কার্যকর না করে বিরোধী পক্ষ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।
মামলা সূত্রে জানা যায়, জমিটির মালিকানা নিয়ে এর আগেও আদালতে মামলা হয়েছে। আরএস ৮৯৫, ৮৯১ ও ৮৯২ দাগভুক্ত জমির একটি অংশ নিয়ে উভয় পক্ষের মধ্যে দাবি-দাওয়া রয়েছে। জমির পরিমাণ ও খতিয়ান সংক্রান্ত নথিতে অসামঞ্জস্য থাকায় বিরোধ জটিল আকার ধারণ করেছে বলে জানা গেছে।
অভিযোগকারী পক্ষের ভাষ্য, প্রকৃত মালিকানার অতিরিক্ত জমি রেকর্ডে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বিরোধ সৃষ্টি হয়েছে। পাশাপাশি তারা নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, তারা বৈধ মালিকানার ভিত্তিতেই জমিতে কাজ করছেন এবং আদালতের কোনো নির্দেশনা তাদের কাছে পৌঁছায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা বলছেন, বিষয়টি দ্রুত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।














