টানা বৃষ্টিতে ঘর বিধ্বস্ত, গৃহহীন হতদরিদ্র পরিবার
- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় টানা পাঁচ দিনের বৃষ্টিতে একটি বসতঘর বিধ্বস্ত হয়ে গৃহহীন হয়েছেন হতদরিদ্র মো. শাহিন হাওলাদার। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের বড় কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন হাওলাদার স্ত্রী ও তিন সন্তান নিয়ে ওই ঘরে বসবাস করতেন। টানা বৃষ্টির কারণে হঠাৎ ঘরটি ধসে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত বের হয়ে যেতে সক্ষম হলেও ঘরের ভেতরে থাকা একটি গরু চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন গরুটিকে জীবিত উদ্ধার করেন।
ক্ষতিগ্রস্ত শাহিন হাওলাদার বলেন, ঘরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির অন্য একটি ঘরে আশ্রয় নিয়েছেন। তিনি সরকারের কাছে একটি ঘর নির্মাণে সহায়তার আবেদন জানিয়েছেন।
স্থানীয়রা জানান, টানা বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকায় নিম্নআয়ের মানুষের কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।














