বাসচাপায় প্রাণ গেল মা-শিশুর, আহত ৩
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের এক নারী যাত্রী ও তাঁর শিশু সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর স্বামীসহ আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল বাসস্ট্যান্ড ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত নীলা খাতুন কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুটির পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, নীলা খাতুন আত্মীয়ের বাড়ি থেকে শিশু সন্তান, স্বামী ও দেবরকে নিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মা ও শিশু নিহত হন। এতে আরও তিনজন আহত হন।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনায় মা ও তাঁর শিশু সন্তান ঘটনাস্থলেই মারা গেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।














