জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়া হবে: সংস্কৃতি মন্ত্রী
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
জুলাই স্মৃতি জাদুঘরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন কমিটিও গঠন করা হয়েছে। খুব শিগগিরই জাদুঘরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লা ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘরের কমিটির কার্যক্রম কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধনের তারিখ ও অন্যান্য বিষয় জানানো হবে।
তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের কোনো মূল্যায়ন ছিল না এবং নির্বাচনের নামে প্রহসন হয়েছে। একই সঙ্গে লক্ষ কোটি টাকা লুটপাট করে ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে।
এর আগে তিনি কুমিল্লা ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শালবন বিহার পরিদর্শন করেন।
এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, জেলা প্রশাসক রোজী আক্তার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















