মুন্সীগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই অভিযানে ১ হাজার ১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাও জব্দ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৯ জুলাই পদ্মা সেতু (উত্তর) থানার পশ্চিম কুমারভোগ এলাকার নুরানী জামে মসজিদের সামনে থেকে মো. সজিবের একটি সুজুকি ২৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা অভিযান শুরু করে।
গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় গত ১২ জুলাই রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার নিতাইগঞ্জ এলাকা থেকে চক্রের সদস্য মো. সুমনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ী উপজেলার বেতকা বাজার এলাকা থেকে হৃদয় দেওয়ান এবং আমতলী এলাকা থেকে সজীব পাইককে গ্রেপ্তার করে পুলিশ।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা মোটরসাইকেলের মধ্যে রয়েছে একটি ডিসকভার ১২৫ সিসি, একটি হাঙ্ক ১৫০ সিসি এবং দুটি রেজিস্ট্রেশনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেল। এসব মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর ঘষামাজা করা ছিল। মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে কাজ চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে নম্বর প্লেট ও যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে একই অভিযানে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার একটি দর্জির দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আলাল ওরফে আলাউদ্দিন নামে এক মাদক কারবারিকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চোরচক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



















