শেরপুরে সড়কে ধানের চারা রোপণ করে সংস্কারের দাবি
- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা একটি গ্রামীণ সড়ক সংস্কারের দাবিতে সড়কের ওপর ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামের কাঁচা সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রায় এক কিলোমিটার সড়কটির উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বহু বছর আগে প্রবেশমুখে সামান্য অংশে ইটের সলিং করা হলেও তা এখন নষ্ট হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদা সৃষ্টি হয়েছে। এতে পথচারীদের চলাচল যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি রিকশা-ভ্যান চলাচলও প্রায় বন্ধ। এর ফলে চালকরাও কর্মহীন হয়ে পড়েছেন।
এলাকাবাসী জানান, সড়কটি দিয়ে দুটি গ্রামের প্রায় ৪০০ পরিবারের মানুষ চলাচল করেন। পাশাপাশি চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রতিদিন এ পথ ব্যবহার করে। বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত, রোগী হাসপাতালে নেওয়া এবং কৃষিপণ্য বাজারজাত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এমনকি কোনো ব্যক্তি মারা গেলে জানাজা ও দাফনের কাজেও সমস্যার সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা প্রতিটি নির্বাচনের আগে সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিলেও পরে আর কোনো কার্যকর উদ্যোগ নেন না। এ কারণে ক্ষোভ প্রকাশ করে তারা সড়কের ওপর ধানের চারা রোপণ করেছেন।
এ বিষয়ে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, পুকুর থেকে মাটি কাটার সময় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বৃষ্টি কমলে আপাতত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, সাময়িক সংস্কার নয়, দ্রুত সড়কটি টেকসইভাবে পাকাকরণ করা হোক, যাতে বছরের পর বছর ধরে চলা ভোগান্তির স্থায়ী সমাধান হয়।



















