নগরকান্দার প্রতিটি ইউনিয়নে হবে আধুনিক খেলার মাঠ
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দা উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে একটি করে আধুনিক খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। তিনি বলেন, যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মিত হলে গ্রামের ছেলে-মেয়েরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে। এতে সুস্থ, সচেতন ও মেধাবী প্রজন্ম গড়ে উঠবে।
তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। সেলাই মেশিন বিতরণ সেই উদ্যোগেরই একটি অংশ।
এর আগে প্রতিমন্ত্রী নগরকান্দা উপজেলা হাসপাতাল-সংলগ্ন মন্দিরে রথযাত্রা উৎসবে অংশ নেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি।

















