৪৫ বছর পর আটক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা সেনা কর্মকর্তা
- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁর বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ডিবি জানায়, বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, “মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। তাঁকে আটক করা হয়েছে।”
ডিএমপির একটি সূত্র জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শালের জন্য মোজাফফর হোসেনকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে নিহত হন। তিনি আগের দিন দলীয় বিরোধ মেটাতে চট্টগ্রামে গিয়েছিলেন। তদন্ত-সংশ্লিষ্ট অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে মেজর মোজাফফর হোসেন প্রথমে জিয়াউর রহমানকে শনাক্ত করেছিলেন।
হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে মঞ্জুর নিহত হন। বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে বিচার শেষে ১৩ জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর মোজাফফর হোসেন আত্মগোপনে চলে যান। তাঁকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ সময় তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





















