‘জুলাই সবার আন্দোলন, একক কারও সম্পত্তি নয়’
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, “জুলাই কারও একক সম্পত্তি নয়। ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়েই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। জুলাই আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে তারেক রহমানের সরকার থাকবে।”
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে তাঁদের আদর্শ ধারণের আহ্বান জানান। আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
















