নোয়াখালীতে আড়াই কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে একটি জিপে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত জিপটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমুনি হেতালিয়া পাড়ার বাসিন্দা মো. পারভেজ (৪২) ও মো. বিপ্লব (৪৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি কালো রঙের হার্ডজিপে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের ডান পাশের দরজার ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪১টি প্যাকেট থেকে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হবে। তিনি জানান, গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক-সংক্রান্তসহ মোট নয়টি মামলা রয়েছে।
















