কক্সবাজারে পেশাদার চোরসহ গ্রেফতার ৪
- আপডেট সময় : ৩১০ বার পড়া হয়েছে
দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্র কক্সবাজারে নিরাপদ পরিবেশ নিশ্চিতে টুরিস্ট পুলিশের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। ১৯ সেপ্টেম্বর টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিশেষ অভিযানে একাধিক সাফল্য এসেছে।
গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অভিযানে প্রথমেই ধরা পড়ে পেশাদার মোবাইল চোর জনি ধর (২৬)। সে কক্সবাজার জেলার রামু উপজেলার কালা সোনা তিতার পাড়া, ০৫ নং ওয়ার্ডের বাসিন্দা দয়াল হরিধরের ছেলে। জনির কাছ থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার করা হয়।
এছাড়া, দুইজন পেশাদার ছিনতাইকারীকে আটক করে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেছে টুরিস্ট পুলিশ। একই সঙ্গে সৈকত এলাকায় হারিয়ে যাওয়া তিন শিশুকে উদ্ধার করে তাদের বাবা-মায়ের নিকট হস্তান্তর করা হয়েছে।
অভিযানের সময় পর্যটকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে সমুদ্র সৈকতে এক কিটক্যাট ব্যবসায়ীকে আটক করা হয়।
এ প্রসঙ্গে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কক্সবাজারে আগত পর্যটকদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




















