কক্সবাজারে যুবদল নেতা সাইফুল ও ফারুককে গুলি
- আপডেট সময় : ২৭১ বার পড়া হয়েছে
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে যুবদল নেতা সাইফুল ও ফারুককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ ডিসেম্বর রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকা থেকে বাস টার্মিনালের দিকে মোটরসাইকেলে যাওয়ার পথে উত্তরন আবাসিক এলাকায় পৌঁছালে পেছন থেকে একাধিক মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত আকস্মিকভাবে যুবদল নেতা সাইফুল ও ফারুককে লক্ষ্য করে গুলি চালায়। গুলি করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পরপরই কক্সবাজারের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর কক্সবাজার সদর মডেল থানার একটি বিশেষ আভিযানিক দল ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ বান্দরবান পার্বত্য জেলার লামা থানাধীন মিরজিরি মাতামুহুরি রিভার ভিউ রিসোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত পাঁচজন আসামিকে একত্রে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার পর থেকে তারা পর্যটক সেজে ওই এলাকায় আত্মগোপনে ছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন— কামরুল হাসান বাবু (২৬), ইমরান উদ্দিন খোকা ওরফে আরিয়ান খোকা (২৫), আব্দুল কাইয়ুম (৩৩), মো. সাকিব (২০) এবং মাসুদ হাসান বকুল (১৮)। তাদের সবার বাড়ি কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের পূর্ব লার পাড়া এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।














