গলাচিপায় বজ্রপাতে গরু হারানো দুই মালিক পেলেন সহায়তা
- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে চারটি গরু মারা যাওয়ায় ক্ষতিগ্রস্ত দুই মালিককে ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহায়তাপ্রাপ্তদের মধ্যে তিনটি গরুর মালিক মো. নিজাম প্যাদা ৩০ হাজার টাকা এবং একটি গরুর মালিক মো. রাহুল মৃধা ১০ হাজার টাকার চেক পান।
গত ৭ জুলাই উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে মাঠে ঘাস খাওয়ার জন্য বাঁধা অবস্থায় থাকা চারটি গরু বজ্রপাতে মারা যায়।
সহায়তা পেয়ে মো. নিজাম প্যাদা ও মো. রাহুল মৃধা বলেন, গরুগুলোর বাজারমূল্যের তুলনায় সহায়তার অর্থ কম হলেও উপজেলা প্রশাসনের দ্রুত সহযোগিতায় তারা কৃতজ্ঞ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “গরু হারানো মালিকদের প্রকৃত ক্ষতির পুরোটা পূরণ করা সম্ভব হয়নি। তবে সরকারের পক্ষ থেকে দুই মালিককে মোট ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যাতে তারা কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারেন।”














