জয়পুরহাটে ২০ মে থেকে হাম-রুবেলা টিকা পাবে ৮৮ হাজার শিশু
- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
জয়পুরহাটে হাম-রুবেলা টিকা পাবে ৮৮ হাজার শিশু, ক্যাম্পেইন কার্যক্রম শুরু ২০ মে। জেলায় হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন শুরু আগামী ২০ মে চলবে ১১ জুন-২০২৬ পর্যন্ত। ২১ দিনের এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে ১১ কার্যদিবসে ।
গতকাল রোববার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন ডা: আল মামুন জানান, এ ক্যাম্পেইনে জেলার ৬ মাস- ৫ বছরের নিচের বয়সী মোট ৮৮ হাজার ২৫৮ শিশুকে এ টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর এ লক্ষ্যেই জেলায় ৮৪৬টি টিকাকেন্দ্র এবং ৩১৫টি স্কুলকেন্দ্র সহ মোট ১১৬১টি কেন্দ্রে পরিচালিত হবে টিকাদান কার্যক্রম ।
হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে এ রোগের পুনরুত্থান দেখা যাচ্ছে। টিকা গ্রহণে ঘাটতি এবং ভাইরাসের পরিবর্তিত রূপ এ দুটি প্রধান কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশে হাম রোগে ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যা উদ্বেগজনক। আক্রান্ত শিশুদের মধ্যে অনেকেই পূর্ণ ডোজ টিকা গ্রহণ করেনি বা একেবারেই টিকা নেয়নি।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করতে হবে। টিকা ছাড়া এ রোগ প্রতিরোধ সম্ভব নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং মাঠপর্যায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ও দেওয়া হয়েছে।
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: শোভন সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিক বৃন্দ।
জয়পুরহাট স্বাস্থ্য বিভাগ আশা করছে, সম্মিলিত প্রচেষ্টায় জেলায় হাম-রুবেলা প্রতিরোধে এ কর্মসূচি সফল হবে।














