ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে নেছারাবাদের বাসিন্দারা
- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জগন্নাথকাঠি বন্দর এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করেছে। বিবাহ রেজিস্ট্রারী অফিস সংলগ্ন জগন্নাথকাঠি বন্দর সড়কের মাঝখানে বিপজ্জনকভাবে কাত হয়ে থাকা খুঁটিটি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, জগন্নাথকাঠি বন্দর সংলগ্ন পশ্চিম-উত্তর কোণে সড়কের মাঝখানে স্থাপিত খুঁটিটি একদিকে হেলে রয়েছে। খুঁটির সাথে সংযুক্ত বিদ্যুৎ লাইনে প্রায় ৩৩ হাজার ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য পথচারী ও যানবাহন চলাচল করে। এমন অবস্থায় খুঁটিটি ভেঙে পড়লে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ফলে এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এদিকে অভিযোগ উঠেছে, বৈদ্যুতিক অফিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিজ চোখে দেখলেও এখনো পর্যন্ত দ্রুত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এতে করে জনমনে ক্ষোভ ও হতাশা আরও বাড়ছে।
এ অবস্থায় এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দুইটি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন—প্রথমত, ঝুঁকিপূর্ণ খুঁটিটি অবিলম্বে মেরামত বা অপসারণ করা; দ্বিতীয়ত, সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী ও নিরাপদ বিকল্প ব্যবস্থা গ্রহণ করা।
স্থানীয়দের মতে, দ্রুত পদক্ষেপ নেওয়া হলে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।
















