দেওয়ানগঞ্জ নিখোঁজ শিশুর সন্ধান দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় নিখোঁজ শিশু সাহল রহমান সাদের (১২) সন্ধান এবং তাকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকালে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এই কর্মসূচি পালিত হয়। দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন এই মানববন্ধনের আয়োজন করেন এবং বক্তব্য রাখেন। এতে আরও বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক বিপ্লব মন্ডল, বিএনপিনেতা আহসান হাবিব লিপন, সাইফুল ইসলাম ফুলু। দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন বলেন, শিশু সাদ নিখোঁজ হওয়ার ১০ দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। তদন্ত কার্যক্রম জোরদার করার এবং দ্রুত সাদকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসন ও থানা পুলিশের প্রতি অনুরোধ জানান। ৩০ জুন, মঙ্গলবার দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর এলাকার বাসিন্দা উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের ছেলে সাহল রহমান সাদ মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। সে স্থানীয় আব্দুল লতিফ হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।এই ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান , নিখোঁজ শিশু সাহল রহমান সাদের সন্ধানের জন্য সর্বোচ্চ ব্যবস্হা নেয়া হয়েছে। পুলিশের বিভিন্ন বিভাগ শিশুটিকে উদ্ধারে কাজ করছে।


















