দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৫ পরীক্ষার্থী বহিষ্কার
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে উপজেলার দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে একজন ছাত্রী ও চারজন ছাত্র রয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়। এ ছাড়া একজন পরীক্ষার্থী বাইরে থেকে লিখে আনা উত্তরপত্র ব্যবহার করার চেষ্টা করেন। পরে পরীক্ষার বিধিমালা অনুযায়ী পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন ইউএনও।
বহিষ্কৃত পাঁচজনই উপজেলার সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী।
দেওয়ানগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র ভদ্র বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউএনওর নির্দেশে পরীক্ষার বিধিমালা অনুযায়ী পাঁচ পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের নকল বা অনিয়মের সুযোগ নেই। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রতিদিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। এ তদারকি অব্যাহত থাকবে।













