নওগাঁয় ইটভাটা বন্ধের দাবিতে গণপ্রতিবাদ
- আপডেট সময় : ১৩৬ বার পড়া হয়েছে
নওগাঁ জেলায় ইটভাটা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে মালিক–শ্রমিকদের তীব্র প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলার ১১টি উপজেলা থেকে আসা দুই হাজারের বেশি মালিক, শ্রমিক ও কর্মচারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রায় এক ঘণ্টা মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিনের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, হঠাৎ করে ইটভাটা বন্ধ করে দেওয়ায় জেলার হাজারো শ্রমিক কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন। শুধু শ্রমিকই নয়—ড্রাইভার, কুলিভ্যানচালক, মাটি-ফসল সরবরাহকারী, কাঠ-মাটির ব্যবসায়ীসহ অসংখ্য পরিবার ইটভাটা-নির্ভর; ভাটা বন্ধ হলে তাদের জীবন–জীবিকা বিপর্যস্ত হয়ে পড়বে। তারা বলেন, পরিবেশ রক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে জীবিকার পথ বন্ধ করে দিয়ে তা করা মানবিক নয়।
স্মারকলিপিতে বলা হয়— ইটভাটা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ধাপে ধাপে রূপান্তরের সুযোগ দিতে হবে, ভাটা–নির্ভর হাজারো শ্রমিক ও পরিবারের জীবিকা রক্ষায় সরকারকে বাস্তবসম্মত বিকল্প সমাধান দিতে হবে।
ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক নুরে আলম মিঠু, আকরাজুল ইসলাম, মাজেদুর রহমানসহ জেলার নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
স্মারকলিপি গ্রহণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন জানান, শ্রমিক–মালিকদের দাবি ও উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিষয়টি দ্রুতই উচ্চ পর্যায়ে পাঠানো হবে।
ইটভাটা মালিক–শ্রমিকদের দাবি—পরিবেশ রক্ষা হোক, তবে জীবিকার পথ বন্ধ করে নয়।


















