নাজিম উদ্দিন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ, বিতরণ হলো ৫০০ চারা
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
বাগেরহাটে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এবং জনসাধারণের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাব চত্বরে ও ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে নাজিম উদ্দিন ফাউন্ডেশন এ বছর বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত দুটি করে গাছ রোপণ করলে চারপাশের পরিবেশ আরও সবুজ হয়ে উঠবে।
তিনি আরও বলেন, নাজিম উদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নাজিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মিরানুজ্জামান মিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা যুবদলের সাবেক সহসভাপতি শাহেদ সমি বাদশা, সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. মাসুম ফকির, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ বিএম আলমগীর হোসাইন, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আলী আকবর টুটুল, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলী মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে প্রায় ৫০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি দুস্থ ও গৃহহীন পরিবারের মধ্যে নগদ অর্থ এবং বাড়ি নির্মাণসামগ্রীও বিতরণ করা হয়।

















