নেছারাবাদে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়
- আপডেট সময় : ১১৮ বার পড়া হয়েছে
পিরোজপুর জেলার জেলা প্রশাসক আবু সাঈদের নেছারাবাদ উপজেলা সফর উপলক্ষে নাগরিক সেবা ও উন্নয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় নেছারাবাদ উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু সাঈদ।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত বক্তারা নেছারাবাদ উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে নানা প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ–কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা, নেছারাবাদ সেনাক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল আরাফ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জয় এবং নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী কামাল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠী পৌর সাধারণ সম্পাদক মইনুল হাসান, নেছারাবাদ উপজেলা জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রসিদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সভায় আরও অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন,“আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন সর্বদা নিরপেক্ষ থাকবে। নির্বাচনকালীন সময়ে আইন অনুযায়ী দায়িত্ব পালন করা হবে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কোনো পক্ষপাতমূলক আচরণ করা হবে না।”
এ সময় তিনি নেছারাবাদ উপজেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভা শেষে উপস্থিত অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের আগমন ও এ মতবিনিময় সভাকে সময়োপযোগী, ফলপ্রসূ ও জনবান্ধব উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন।














