নোয়াখালীতে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, আটক ১
- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর চাটখিল পৌরসভায় চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আবু বকর সিদ্দিক ওরফে সুমন (৪৩) নামে এক অটোরিকশাচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে।
গত সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুমন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে সুমনের বিরুদ্ধে। ঘটনাটি পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় বলে স্থানীয়রা জানান। পরে ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। সোমবার তিনি ওই এলাকায় গেলে স্থানীয়রা তাকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাটখিল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।















